Loading...
The Financial Express

কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার পাঁচ হাসপাতালকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাফে সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে


| Updated: March 29, 2021 22:09:17


কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার পাঁচ হাসপাতালকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সম্ভাব্য সঙ্কটময় পরিস্থিতি সামাল দিতে ঢাকার পাঁচটি হাসপাতালকে প্রস্তুত করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতালগুলো হল- মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার এবং সরকারি কর্মচারী হাসপাতাল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের।

সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরবার পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “দেশে ক্রমাগত কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যার বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এসব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হলো।”

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৩০ নভেম্বরের পর থেকে সংক্রমণ নিম্নমুখী ছিল। এ বছর ফেব্রুয়ারির মাঝামাঝি দৈনিক সংক্রমণ এবং শনাক্তের হার তিন শতাংশের নিচে নেমে আসে। ফেব্রুয়ারির শেষ দিকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাফে সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে, যা আট মাসের মধ্যে সবচেয়ে বেশি।

এর আগে গতবছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

নতুন শনাক্ত ৩ হাজার ৫৫৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৭৩৮ জনের মৃত্যু হল।

গেল বছর মার্চে সংক্রমণ শুরুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে বেসরকারি হাসপাতালগুলোকেও কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি দেয় সরকার।

তবে রোগী না পাওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে কয়েকটি হাসপাতালে কোভিড-১৯ সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Share if you like

Filter By Topic