দিন দুয়েক জ্বর ও সর্দিতে ভোগার পর কোভিড পরীক্ষা করিয়ে জানা গেল দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ক্রিকেট গ্রেটকে।
প্রথম দফা কোভিড পরীক্ষায় সোমবার সকালে পজিটিভ হন সৌরভ। নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করান তিনি। তাতেও ফল আসে পজিটিভ। সোমবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা পিটিআই।
কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। স্রেফ ঝুঁকি এড়াতেই নেওয়া হয়েছে হাসপাতালে।
সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির কোভিড পরীক্ষার ফল নেগেটিভ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত কিছুদিনে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার ও শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের নানা জায়গায় সফর করেছেন সৌরভ। ৪৯ বছর বয়সী সাবেক অধিনায়ক সবশেষ গিয়েছিলেন মুম্বাইয়ে।
এই বছরের শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতাতে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। পরে তার এনজিওপ্লাস্টি করানো হয়। সেই দফায় কোভিড নেগেটিভ ছিলেন তিনি। তার ভাই ও সাবেক ক্রিকেটার স্নেহাশীষ গাঙ্গুলি কোভিড পজিটিভ হয়েছিলেন গত বছর। তখনও সৌরভ ছিলেন নেগেটিভ।
ভারতের গত কিছুদিনে কোভিড সংক্রমণের হার আবার বেড়ে চলেছে নাটকীয়ভাবে। দেশটিতে কোভিডের তৃতীয় ঢেউ আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।