Loading...

কোন পণ্যের জন্য কেমন মার্কেটিং করবেন?

| Updated: October 29, 2021 09:54:46


কোন পণ্যের জন্য কেমন মার্কেটিং করবেন?

বিশ্বায়নের এ যুগে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই একচেটিয়াভাবে ব্যবসা পরিচালনা করতে পারে না। একই ধরনের পণ্য একাধিক প্রতিষ্ঠান উৎপাদন করায় প্রতিযোগিতা বেড়েছে বহুগুণে।

প্রতিযোগীদের মাঝে নিজের পণ্যটিকে ভোক্তাদের মাঝে আকর্ষণীয় করে তুলতে চাইলে প্রয়োজন মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রণয়ন ও প্রচারণা করা যা মার্কেটিং নামে পরিচিত।

সব পণ্যের মার্কেটিং একইরকমভাবে করা যায় না। যেমন- খাদ্যপণ্যের ক্ষেত্রে যে ধরনের মার্কেটিং প্রয়োজন, প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে সেটি কিছুটা ভিন্ন হয়। চলুন জেনে নেওয়া যাক কোন পণ্যের জন্য কেমন মার্কেটিং।

খাদ্য পণ্য                    

সবচেয়ে বেশি উৎপাদিত ও প্রয়োজনীয় পণ্য হচ্ছে খাদ্যদ্রব্য, হোক সেটা নিত্যদিনের দরকারি রেশন আর রেস্টুরেন্টের বিদেশি খাবারের পদ। এমন পণ্যের প্রচারণার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের একই ধরনের পণ্যকে আলাদা করে ফুটিয়ে তুলতে হয়, যা করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে।

টেলিভিশন, রেডিও, কিংবা ইউটিউবে পণ্যটি সম্পর্কে বিজ্ঞাপন প্রচার করা যেতে পারে। এর মাঝে ইউটিউব বর্তমান প্রেক্ষাপটে খুবই ভালো একটি প্রচারমাধ্যম হতে পারে।

এসব মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কিছুটা ব্যয়বহুল। যাদের পক্ষে এই ব্যয় নির্বাহ করা কিছুটা কঠিন, তারা নিজেদের ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইটে পণ্যের বিজ্ঞাপন দিতে পারে। একইসাথে ফেসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা বাড়ানোর উপর জোর দিতে হবে। ‘পেজ বুস্ট’ অপশনটি এক্ষেত্রে একসাথে অনেক বেশি মানুষের মাঝে পণ্যটির তথ্য ছড়াতে পারে।

প্রসাধনী পণ্য

খাদ্য পণ্যের মতো প্রসাধনী পণ্যের ক্ষেত্রেও টেলিভিশন, রেডিও, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বেশ ভালো সাড়া পাওয়া সম্ভব।

এই ধরনের পণ্যের মুল্য নির্ধারণের ক্ষেত্রেও কিছু কৌশল কাজে লাগানো যেতে পারে। যেমন-- ১০০ টাকার পণ্য ৯৯ টাকায়, ১০০০ টাকার পণ্য ৯৯৯ টাকায়, এভাবে দাম নির্ধারণ যেতে পারে, যা মনস্তাত্বিক দাম নির্ধারণ নামে পরিচিত। এ ধরনের দাম ক্রেতাদের পণ্যটি সম্পর্কে আগ্রহী করে তোলে।

বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যেমন- ঈদ, পূজো, নববর্ষ, ইত্যাদিতে ক্রেতাদের পণ্যের কেনাকাটায় মূল্যছাড় (ডিসকাউন্ট) বা অফার দেওয়া যেতে পারে। এধরনের কৌশল পণ্যের বিক্রি বাড়িয়ে বাজারে স্থায়ী বা নিয়মিত ক্রেতা তৈরি করতে পারে।

ইলেকট্রনিক্স

বেশিরভাগ পণ্য কেনার সময় ক্রেতারা অত বেশি খোঁজখবর না নিলেও, ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে ক্রেতারা পণ্যটি সম্পর্কে তুলনামূলক বেশি খোঁজখবর নিয়ে কেনেন। তাই এক্ষেত্রে পণ্যের গুণাগুন এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে বিজ্ঞাপনে উল্লেখ করতে হবে। পাশাপাশি যে প্রতিষ্ঠান মানসম্মত পণ্য অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের সরবরাহ করতে পারবে, তার দিকে মানুষ বেশি আগ্রহী হবে।

আসবাবপত্র

বর্তমানে দেশে আসবাবপত্র উৎপাদনকারী বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান রয়েছে। এসব পণ্যের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি মেলা বা প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে। এতে আসবাবের বৈশিষ্ট্য ও মান ক্রেতা নিজেই যাচাই-বাছাই ও তুলনা করে নিতে পারেন।

বিভিন্ন উৎসবের সময় কিছুটা মূল্যছাড় দিলে তাও বেশ ইতিবাচক প্রভাব রাখবে। এছাড়া টেলিভিশন কিংবা বিভিন্ন প্রোগ্রামে স্পন্সরশীপ নেওয়ার মাধ্যমেও পণ্যের প্রচার করা যেতে পারে।

সৌখিন দ্রব্য

সৌখিন দ্রব্যের মধ্যে রয়েছে কাঁচ বা সিরামিকের তৈরি শোপিস, অলংকার, বাসনপত্র, ফুলদানি ইত্যাদি। এইসব পণ্যের ক্ষেত্রে প্রচার কাজগুলো বেশ সহজেই করা যায়। নিজের ফেসবুক পেজে পণ্যের ছবি দিয়ে সহজেই সম্ভাব্য ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলা যায়।

সাথে পণ্যের দ্রুত হোম ডেলিভারি বা নিজের পছন্দমত বানিয়ে নেওয়ার সুবিধা, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রচারণামূলক ‘গিভএওয়ে’ বা বিনামূল্যে পণ্য জিতে নেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে’ এতে আগ্রহীরা নিজেরাই পণ্যের পরোক্ষ প্রচারণার কাজটা অনেক এগিয়ে নিতে পারবে।

এই বিষয় নিয়ে কথা হয় স্ট্র (মার্কেটিং এজেন্সি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরহাদুল ইসলাম শুভ এর সঙ্গে। তিনি বলেন, “বর্তমানে ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার সবচেয়ে কার্যকরী মাধ্যম হল ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়া। কারণ বর্তমানে মানুষ প্রচুর সময় এই মাধ্যমগুলোতে ব্যয় করেন।”

আবার অন্যদিকে অন্য কোনো মাধ্যমের সাহায্যে বিজ্ঞাপন দিতে যে খরচ হয়, সামজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই খরচে অধিক ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে বার্তা পাঠানো যায়। তাই বিজ্ঞাপনের ক্ষেত্রে এই মাধ্যমগুলোর গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না।”

 

তানজিম হাসান পাটোয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

tanjimhasan001@gmail.com

Share if you like

Filter By Topic