Loading...

কেন অবিলম্বে পরীমনির জামিন শুনানি হবে না: হাই কোর্ট

| Updated: August 26, 2021 20:32:09


কেন অবিলম্বে পরীমনির জামিন শুনানি হবে না: হাই কোর্ট

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের ওপর অবিলম্বে শুনানি করার নির্দেশ কেন দেওয়া হবে না, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

পরীমনির আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করে।

গত ২২ অগাস্ট পরীমনির পক্ষে জামিন আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। পরদিন আরেক আবেদনে ‘দ্রুত শুনানির’ আর্জি জানান পরীমনির আইনজীবী মজিবুর রহমান।

তাতে সাড়া না পেয়ে বুধবার তিনি হাই কোর্টে এই রিট আবেদন করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিনের আবেদনও করা হয়।

প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট সরাসরি জামিনের আদেশ না দিয়ে রুল জারি করেছে। ২৩ অগাস্ট পরীমনির আইনজীবীর করা দ্রুত শুনানির আবেদনের ওপর (আদেশের অনুলিপি পাওয়ার) দুই দিনের মধ্যে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর তিন সপ্তাহ পরে শুনানির তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামী ১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাই কোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কছে পৌঁছানোর ব্যবস্থা করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share if you like

Filter By Topic