কুষ্টিয়ায় কোভিডে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে; একই সময় ময়মনসিংহে মারা গেছে আরও নয়জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।
কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, কোভিডে ১০ জন ছাড়াও এ হাসাতালে উপসর্গ নিয়েহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে ৫১১ জনের পরীক্ষায় ১৪১ জনের কোভিড শনাক্ত হয়েছে।
সোমবার সকালে হাসপাতালে ১১৭ জন কোভিড রোগী এবং উপর্সগ নিয়ে আরও ৫১ জন চিকিৎসাধীন ছিলেন।
জেলায় মোট ৬৪০ জন কোভিড রোগী মারা গেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একই সময় আরও নয়জন কোভিড রোগী এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে নতুন করে ৪০ জন রোগী ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৭৬ জন। সোমবার সকালে আইসিউতে ২২ জনসহ কোভিড ইউনিটে রোগী ছিল ৪২০ জন।
নতুন সংক্রমণ সম্পর্কে জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, রোববার এক হাজার ৩০৫ জনের পরীক্ষায় ২০৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছে ১২ হাজার ৯৩৮ জন।
