কুমিল্লার লাকসাম উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াচৌ এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার লালমাই ফাঁড়ির এসআই মো. জসিম উদ্দিন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহতরা হলেন-পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪০), মেয়ে জান্নাত আক্তার (১) ও শাশুড়ি গোলাপ নাহার (৭০)।
নিহত বাহারের ভাতিজা মীর হোসেন বলেন, তার চাচা পরিবারের লোকজনকে নিয়ে অটোরিকশায় করে ফেনীতে চাচা শ্বশুরের জানাযায় যাচ্ছিলেন। পথে ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী পারুল ও মেয়ে জান্নাতুল মারা যান।
দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে বলে এসআই জসিম জানিয়েছেন।