কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চায়ের দোকানে, নিহত ২


FE Team | Published: June 07, 2022 15:20:26 | Updated: June 07, 2022 19:03:46


কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চায়ের দোকানে, নিহত ২

কুমিল্লার লাকসাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের চায়ের দোকানে ধাক্কা দিলে দুজন নিহত হন; এতে আহত হয়েছেন আরও তিনজন।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পোলাইয়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার লাকসাম ক্রসিং ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার মৃত হারেছ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫২) এবং পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে ও দোকানের কর্মচারী জাকির হোসেন (৩৭)।


স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, কুমিল্লা থেকে মাইক্রোবাসটি তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পোলাইয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি থানায় আনা হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like