Loading...

কুন্দুজ তালেবানের দখলে

| Updated: August 08, 2021 19:53:38


কুন্দুজ তালেবানের দখলে

সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজের দখল নিয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শহরটির বিমানবন্দর ছাড়া বাকি সব এখন বিদ্রোহীদের দখলে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন।

কুন্দুজের কেন্দ্রে তালেবানের পতাকা উড়তে দেখা যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

বিভিন্ন ভবন ও দোকানে আগুনসহ শহরজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতিরও খবর পাওয়া যাচ্ছে।

শুক্রবার থেকে এ নিয়ে চারটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। এর মধ্যে কুন্দুজের নিয়ন্ত্রণ নেওয়াই তাদের এ বছরের সবচেয়ে বড় অর্জন।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় আরেকটি গুরুত্বপূর্ণ শহর সার-ই-পুলও দখল করে নিয়েছে বলে জানা গেছে।

আফগান কর্মকর্তারা বলছেন, যে শহরগুলোর পতন হয়েছে, সেখানে এখনও তাদের সেনারা আছেন এবং যুদ্ধ চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান বাহিনী আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে। সশস্ত্র এ গোষ্ঠীটির লক্ষ্য এখন প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরগুলো।

আফগানিস্তানের যুক্তরাষ্ট্র দূতাবাস প্রাদেশিক রাজধানীগুলোতে তালেবানের হামলার নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে তালেবান বাহিনীর অবস্থানে মার্কিন বিমান হামলার পরিমাণও বেড়েছে, তারপরও সশস্ত্র এ গোষ্ঠীর অগ্রযাত্রা আটকানো যাচ্ছে না।

কুন্দুজের নিয়ন্ত্রণ পাওয়ায় তালেবান বাহিনী কৌশলগতভাবেই ব্যাপক লাভবান হবে। দেশের উত্তরের প্রদেশগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ এ প্রবেশপথ ২০০১ এর আগে তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

২০১৫ এবং ২০১৬ সালেও দুইবার শহরটির দখল নিয়েছিল তারা, যদিও দীর্ঘ সময় এর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।

তাজিকিস্তান সীমান্তলাগোয়া কুন্দুজ প্রদেশের নিয়ন্ত্রণ পাওয়ায় তালেবান বাহিনী এখন মধ্য এশিয়ার মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুটেরও দখল পেল। কুন্দুজ-তাজিকিস্তান সীমান্ত দিয়েই আফগান আফিম ও হিরোইন মধ্য এশিয়া হয়ে ইউরোপে পৌঁছায়।

 

Share if you like

Filter By Topic