কিয়েভের পথে থাকা ইউক্রেইনের এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস


FE Team | Published: February 26, 2022 18:17:37 | Updated: February 27, 2022 10:20:55


কিয়েভের পথে থাকা ইউক্রেইনের এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস

ইউক্রেইনের রাজধানী কিয়েভে থেকে প্রায় আধ ঘণ্টার দূরত্বে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিট ধ্বংস হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার রাতে রাজধানীতে যাওয়ার সময় এ ক্ষেপণাস্ত্র ইউনিটটির ওপর আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটিকে গত মাসে দনবাসে কিয়েভের মোতায়েন করা ক্ষেপণাস্ত্র সিস্টেমটির মতোই মনে হয়েছে বলে বিবিসির প্রত্যক্ষদর্শীর একজন সাংবাদিক জানিয়েছেন।

এটি সম্ভবত রাশিয়ার নির্মিত বুক ক্ষেপণাস্ত্র সিস্টেম। মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র সিস্টেমটি বিমান, ক্রুইজ ক্ষেপণাস্ত্র ও ইউএভি ধ্বংস করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের এ বহরটি কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে রাজধানীতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় ইউক্রেইনীয় শহর লিভভের মেয়র আন্দ্রাই সাদোভোই জানিয়েছেন, শহরটির ওপর রাশিয়ার বাহিনীর একটি আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেইনীয় বাহিনীগুলো।

টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে তিনি লিখেছেন, লিভভ থেকে প্রায় ৫৬ মাইল দূরে ছোট শহর ব্রদিতে রাশিয়ার প্রায় ৬০ জন সেনা ও তিনটি হেলিকপ্টার নামে।

তিনি বলেন,সশস্ত্র বাহিনী দখলদারদের প্রতিহত করেছে! আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।

তবে এখনও পর্যন্ত ইউক্রেইনের অধিকাংশ লড়াই দেশটির পূর্ব, উত্তর ও দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত হয়ে আছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্তর লেশকো নিজের ফেইসবুক পেইজে জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত তিনটি শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেইনীয় নিহত হয়েছে আর আহত হয়েছে ১১১৫ জন। আহতদের মধ্যে ৩৩ শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে রাজধানীতে রাশিয়ার বাহিনীর হামলায় দুই শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন বলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন।

তবে এসব হতাহতদের মধ্যে শুধু বেসামরিক না সামরিক বাহিনীর সদস্যরাও আছে তা পরিষ্কার হওয়া যায়নি।

Share if you like