কিভাবে বুঝবেন লিপস্টিকের মেয়াদ শেষ হয়েছে


শবনম জাবীন চৌধুরী | Published: December 23, 2021 17:16:48 | Updated: December 24, 2021 12:30:28


ফাইল ছবি (সংগৃহীত)

আইলাইনার বা কাজল ছাড়া যেমন চোখের সাজ সম্পূর্ণ হয় না, ঠিক তেমনি লিপস্টিক ছাড়া যেন ঠোঁটের সাজ অসম্পূর্ণ থেকে যায়।

নারীরা কমবেশি সকলেই হরেক রঙের লিপস্টিক ব্যবহার করে থাকেন। যেহেতু এই পণ্যগুলো বিভিন্ন রাসায়নিক উপাদানের সংমিশ্রণে তৈরি হয়, তাই ব্যবহারের পাশাপাশি এর মেয়াদোত্তীর্ণের ব্যাপারেও সকলকে সচেতন থাকতে হবে।

একটি লিপস্টিকের মেয়াদকাল সাধারণত ১২-১৮ মাস হয়ে থাকে এবং এর মেয়াদোত্তীর্ণের তারিখ পণ্যের গায়ে উল্লেখ করা থাকে।

ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে লিপস্টিক তৈরির সময় এতে প্রিজারভেটিভ যোগ করা হয়, যেমন - প্যারাবেন, এসেনশিয়াল ওয়েল বা ভিটামিন।

তবে এক বছরের মাথায় গিয়ে পারিপার্শ্বিক কারণ, যেমন ভুল ব্যবহার বা সঠিকভাবে সংরক্ষণের অভাবে এই উপাদানগুলো ধীরে ধীরে তার গুণাগুন হারাতে থাকে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও খাবার গ্রহণের পরপরই ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলে এতে ব্যাকটেরিয়া জন্ম নেয়।

ব্যবহার্য লিপস্টিকটি মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে কিনা তা কয়েকটি সাধারণ বিষয় পর্যবেক্ষণে বোঝা যায়।

  • প্রতিটি লিপস্টিকেরই প্রায় ২ বছরের শেলফ লাইফ (সর্বোচ্চ যে সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে) থাকে। আপনার লিপস্টিকের মেয়াদ যদি ২ বছর বা তার বেশি হয়, তবে কালবিলম্ব না করে ফেলে দিন সেটি।
  • প্রতিটি লিপস্টিকের একটি সুন্দর গন্ধ থাকে। যদি ব্যবহার্য লিপস্টিক থেকে বাজে গন্ধ নাকে আসে, তবে বুঝে নিতে হবে এতে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন হয়েছে এবং তা ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে।
  • লিপস্টিকের উপর বিন্দু বিন্দু ঘামের ন্যায় পানি জমার অর্থ হচ্ছে এর মেয়াদকাল শেষ হয়ে গেছে এবং এতে উপস্থিত উপাদানসমূহ তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে।
  • ঠোঁটে লিপস্টিক ব্যবহারের সময় স্বাভাবিক নিয়মে ঠোঁটের উপর আলতো প্রলেপ সৃষ্টি না করে দানাদার বা জায়গায় জায়গায় চাপ ধরে লিপস্টিকের একটি অমসৃণ প্রলেপ তৈরি হলে বুঝতে হবে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে।
  • অনেকসময় লিপস্টিকের উপর ফাঙ্গাসের উপস্থিতি দেখা যায়। এতে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে সাধের লিপস্টিকটি আর ব্যবহার উপযোগী নেই। যদি ফাঙ্গাসের জায়গাটুকু ভালোভাবে পরিষ্কার করে বা কেটে ফেলেন তারপরও কিন্তু তা ব্যবহার অনুপযোগীই থেকে যাবে।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন

zabin860@gmail.com

Share if you like