ইউক্রেইনের রাজধানী কিইভের পোদিলিস্কি এলাকার আবাসিক ভবন ও শপিং সেন্টারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন কর্তৃপক্ষ।
শপিং সেন্টারে হামলার সময় তোলা ভিডিও প্রকাশ করেছে ইউক্রেইনের জরুরি সেবা বিভাগ। স্থানীয় সময় রোববার এসব হামলা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অগ্নিনির্বাপণ কর্মীদেরকে পরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধার করতে দেখা যায়। কিইভে নতুন করে কারফিউও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কিইভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, এই কারফিউ সোমবার স্থানীয় সময় ২০:০০ (১৮:০০ জিএমটি) থেকে শুরু হয়ে চলবে বুধবার ৭:০০ (০৫:০০ জিএমটি) পর্যন্ত।
“আমি প্রত্যেককেই ঘরে থাকার অনুরোধ করছি। কিংবা সতর্সংকেত শুনলে আশ্রয়কেন্দ্রে যান,” বলেন তিনি।
