Loading...

কারামুক্ত হলেন পরীমনি

| Updated: September 01, 2021 16:23:02


কারামুক্ত হলেন পরীমনি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কারা সুপার হালিমা আক্তার জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকমের।

গত ৪ অগাস্ট ঢাকার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

তিন দফায় সাত দিনের রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট তাকে আদালতে হাজির করা হলে বিচারক কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার তার জামিনের খবর পেয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে উৎসুক জনতা ও সাংবাদিকরা ভিড় করেন।

কারা সুপার হালিমা আক্তার বলেন, রাত ১০টার দিকে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে এদিন সকাল সোয়া ৮টার দিকে তার আইনজীবী ণীলঞ্জনা রিফাত সুরভী ও খালু মো. জসিমউদ্দিনসহ কয়েকজন স্বজন কারাফটকে আসেন।

ণীলঞ্জনা  সাংবাদিকদের বলেন, পরীমনি বের হওয়ার সময় সাক্ষাৎকার দেবেন না। ঢাকায় ফেরার পর বিশ্রাম নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

সাড়ে ৯টার দিকে মুক্তি পাওয়ার পর পরীমনি প্রাইভেট কারে কারাফটক অতিক্রমকালে অপেক্ষমাণ সাংবাদিকদের ও ভক্তদের হাত নেড়ে সাড়া দেন গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে। এ সময় তার মাথায় সাদা ওড়না পেঁচানো ছিল।

Share if you like

Filter By Topic