কাবুলে বিক্ষোভরত নারীদের ছত্রভঙ্গ করল তালেবান


এফই ডেস্ক | Published: September 05, 2021 10:55:05 | Updated: September 05, 2021 15:29:30


কাবুলে বিক্ষোভরত নারীদের ছত্রভঙ্গ করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন তালেবান কর্মকর্তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

টলো নিউজ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের অধিকার সংরক্ষণের দাবি নিয়ে শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর পথে নেমেছিল একদল সাংবাদিক ও নারী অধিকার আন্দোলন কর্মী।

নগরীর একটি সেতু থেকে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টাকালে তালেবান কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গোষ্ঠীটি জানিয়েছেন, তালেবান তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছে।

সম্প্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।

এই নারীরা তাদের কাজ করার অধিকার ও সরকারে তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। তালেবান জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তারা সরকার ঘোষণা করবে।

সরকারে নারীরাও থাকতে পারবে বলে জানিয়েছে তারা, কিন্তু মন্ত্রীর পদ পাবে না।

পূর্ব দিকের পুল-ই-মাহমুদ খান এলাকা থেকে মিছিলটি প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের বাধা দেওয়া হয় এবং তালেবান স্পেশাল ফোর্স তাদের বিরুদ্ধে কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

সুশীল সমাজ কর্মী সুরাইয়া টলো নিউজকে বলেন, আমাদের অধিকার রক্ষার জন্য আমরা একদল নারী মিছিলে যোগ দিয়ে প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখন তালেবান আমাদের ওপর হামলা করেছে, কাঁদুনে গ্যাস ছুড়েছে এবং বেশ কয়েকজনকে পিটিয়েছে।

Share if you like