কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই জোড়া বিস্ফোরণে আহতও দেড়শ ছাড়িয়েছে বলে নাম পরিচয় জানাতে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য আফগানের দেশ ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হল।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে বলেও দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।