কাজী আরেফ হত্যায় ফাঁসির আসামি রওশন গ্রেপ্তার


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: August 19, 2021 11:52:40 | Updated: August 19, 2021 16:27:25


কাজী আরেফ (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির সাজা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভা চলার সময় ব্রাশফায়ারে জাসদের পাঁচ নেতা নিহত হন।

এতে কাজী আরেফ আহমেদ ছাড়াও নিহত হন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরায়েল হোসেন ও শমসের মণ্ডল।

ওই ঘটনায় দায়ের হওয়ার মামলায় ২০০৪ সালে ১০ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় কুষ্টিয়ার আদালত।

রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০০৮ সালে হাই কোর্ট নয়জনের ফাঁসির আদেশ বহাল রাখেন, একজনকে খালাস দেন ও ১২ জনের সাজা মওকুফ করেন।

২০১৬ সালে ৮ জানুয়ারি তিন খুনির ফাঁসি কার্যকর হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে রওশনসহ পাঁচজন পলাতক ছিলেন। একজন কারাগারে থাকা অবস্থায় মারা যান।

Share if you like