গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উপজেলার পল্লীবিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান।
মৃত নারীর নাম আকলিমা আক্তার (২২)। তিনি ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।
এ ঘটনায় আটক তার স্বামী আকবর আলী একই গ্রামের আমির হোসেনের ছেলে।
পরিদর্শক মনিরুজ্জামান বলেন, আকলিমা একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর তার স্বামী কাঁচামাল ব্যবসায়ী। গত ৫ মে তারা আনোয়ার মণ্ডলের বাড়ির একটি ঘর ভাড়া নেন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় শিলপাটা দিয়ে আকলিমার মাথায় আঘাত করেন আকবর। এ সময়ে আকলিমা জেগে উঠলে আকবর তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে ঘটনাটি বাড়ির মালিক জানতে পেরে আকবরকে আটক করে থানায় খবর দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ রাতেই আকলিমার লাশ উদ্ধার ও আকবরকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।