Loading...
The Financial Express

করোনায় শনাক্ত রোগী ও মৃত্যু বেড়েছে, সংক্রমণের হার ৫ শতাংশের নিচেই

| Updated: September 29, 2021 18:36:29


-এফই ফাইল ছবি -এফই ফাইল ছবি

দেশে গত এক দিনে আরও ৩১ কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে; ১ হাজার ৩১০ জনের মধ্যে ধরা পড়েছে সংক্রমণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২১২ জন নতুন রোগী শনাক্ত এবং ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগী ও মৃত্যু দুটোই বেড়েছে। তবে সংক্রমণের হার ৫ শতাংশের নিচেই রয়েছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৯৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। যে ৩১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৩ জনই ছিলেন ঢাকা বিভাগের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ১৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন সুস্থ হয়ে উঠলেন।

গত এক দিনে সারা দেশে ২৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৯ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৩৬ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৮ লাখের বেশি রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৯ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি নমুনা।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ০৬ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন বাদে চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন ২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

তাদের মধ্যে ২৭ জন সরকারি হাসপাতালে এবং ৪ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Share if you like

Filter By Topic