করোনায় বিপর্যস্ত অবস্থায় শিথিল হচ্ছে লকডাউন


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 12, 2021 22:07:32 | Updated: July 13, 2021 14:13:53


-প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারীর বছর গড়ানোর পর বাংলাদেশ যখন সবচেয়ে বিপর্যস্ত অবস্থা মোকাবেলা করছে, তখন ঈদুল আজহা সামনে রেখে গতবারের মতো চলমান লকডাউন শর্তসাপেক্ষে শিথিল করার ঘোষণা এল।

সোমবার সরকারের যে তথ্যবিবরণীতে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে শর্তগুলোসহ বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপনে জানাবে বলা হয়েছে।

তবে এরই মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন ১৫ জুলাই চালু এবং ১৭ জুলাই কোরবানির পশুর হাট বসানোর ঘোষণা এসেছে।

গত বছর কোরবানির ঈদের আগে মহামারী পরিস্থিতির উন্নতির মধ্যে বিধিনিষেধ করা হলে ঈদের পর পরে সংক্রমণ বেড়ে গিয়েছিল।

তখন সংক্রমণ পরিস্থিতির অবনতির জন্য প্রধানত মানুষের চলাচলকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাতো ছিলই।

এবার পরিস্থিতি গত বারের চেয়ে বহু বহু গুণ অবনতি হয়েছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।

সোমবারই কোভিডে আক্রান্ত হয়ে ২২০ রোগী মৃত্যু ও একদিনে রেকর্ড ১৩৭৬৮ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগের দিনই এক সপ্তাহের মধ্যে মহামারী পরিস্থিতি করুণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দেওয়া হলো।

আগামী ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা হবে করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় কোরবানির ঈদ। এর আগে লকডাউন শিথিলের আহ্বান আসছিল বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে।

এর পরিপ্রেক্ষিতে লকডাউন শিথিল করার ঘোষণা এল। তবে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানানো হয়েছে।

Share if you like