করোনায় এক দিনে ৪০ মৃত্যু, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: May 25, 2021 16:17:20 | Updated: May 25, 2021 20:03:16


রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোমবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমান দেড় বছর বয়সী স্বদেশ বাবার কাঁধে ঘুমাচ্ছে ।রোদের তাপ থেকে রক্ষা করার জন্য মা তার মাথার উপর একটা কাগজের ফাইল ধরে আছেন। ছবি: এফই/শফিকুল ইসলাম

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬৭৫ জনের মধ্যে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ৯ মে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল।

এরপর গত ১৬ দিনের মধ্যে কেবল ১২ মে ৪০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দিনগুলোতে এই সংখ্যা ৪০ এর নিচেই ছিল।

এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৭ মে, সেদিন ১ হাজার ৬৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছ। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

Share if you like