করোনায় একদিনে মৃত্যু ৩৬, শনাক্ত ১২,১৯৩


এফই অনলাইন ডেস্ক | Published: February 02, 2022 17:03:05 | Updated: February 02, 2022 21:07:44


ফাইল ছবি (সংগৃহীত)

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ।

এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গতবছরের ১৯ সেপ্টেম্বর, সেদিন ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৪ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৯৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

আগের দিন মঙ্গলবার ১৩ হাজার ১৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩১ জনের। সে হিসেবে শনাক্ত রোগী আগের দিনের চেয়ে কিছুটা কমেছে, তবে মৃত্যু বেড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন চার হাজার ২০৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ ২০ হাজার ৫৮২ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা আক্রান্তরা এই হিসাবেই আসেনি।

Share if you like