করোনায় এক দিনে আরও ৫১ জনের মৃত্যু


এফই ডেস্ক | Published: September 15, 2021 17:37:29 | Updated: September 15, 2021 19:55:46


ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৯০১ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪ জন নতুন রোগী শনাক্ত এবং ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগী কমলেও মৃত্যু বেড়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে সারা দেশে সাড়ে ২৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ৫৪ শতাংশ ছিল।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩১৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ।

যে ৫১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ২০ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন সেরে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২২ কোটি ৫৭ লাখের বেশি রোগী।

Share if you like