করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২২১


এফই অনলাইন ডেস্ক | Published: November 12, 2021 18:44:53


ফাইল ছবি (সংগৃহীত)

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ২২১ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ১৫২ জনই ঢাকা বিভাগের, যা মোট সংখ্যার অর্ধেকের বেশি। দেশের ৩৬টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২১ শতাংশ ছিল।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনই পুরুষ। তাদের মধ্যে ২ জনের বয়স ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

তাদের ৫ জনই সরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। চলতি বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৫ কোটি ২০ লাখের বেশি রোগী।

Share if you like