Loading...

করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধে দেশের প্রবেশপথগুলোতে সতর্কবার্তা

| Updated: November 28, 2021 20:39:48


করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধে দেশের প্রবেশপথগুলোতে সতর্কবার্তা

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের প্রবেশপথগুলোতে সতর্কবার্তা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম রোববার এক বুলেটিনে বলেন, নতুন এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে ‘সব ধরনের প্রস্তুতি’ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“দক্ষিণ আফ্রিকায় পাওয়া এ ভ্যারিয়েন্টকে ইতিমধ্যে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। আমরাও পোর্ট অব এন্ট্রিগুলোয় সতর্কবার্তা দিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।

“আমাদের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বিভিন্ন পর্যায়ে পাওয়া তথ্যগুলো পরীক্ষানিরীক্ষা করে করে দেখছেন। তারা সভা করছেন। সেই সভা থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে যেসব কাজ করা দরকার তার নিতে যাচ্ছি।”

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ‘ওমিক্রন’।

এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও শনাক্ত হয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট।

বলা হচ্ছে, চীনের উহানে আবির্ভূত হওয়ার পর নতুন এই করোনাভাইরাসের যতগুলো ধরন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, তার মধ্যে ওমিক্রনেই জিন বিন্যাসে পরিবর্তন এসেছে সবচেয়ে বেশি।

এর মানে হল, করোনাভাইরাসের যেসব টিকা এ পর্যন্ত তৈরি হয়েছে, সেগুলো ওমিক্রনের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। আবার জিন বিন্যাসে পরিবর্তনের কারণে এ ভাইরাস অনেক বেশি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে তালিকাভুক্ত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে।

তবে তারা এটাও বলছে, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ কতোটা প্রভাব ফেলতে পারে সেটা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

নতুন এই ভ্যারিয়েন্ট এরই মধ্যে বিশ্বজুড়ে হুলুস্থুল ফেলে দিয়েছে; বিভিন্ন দেশ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার এক অনুষ্ঠানে বলেন, “সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ। এ কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ এখনই স্থগিত করা হচ্ছে।”

Share if you like

Filter By Topic