গত এক দিনে ফের শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৫৩ জনের, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই গত ১৫ এপ্রিল দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১০ হাজারের বিষাদময় মাইলফলক পেরিয়েছিল। তার সঙ্গে আরও এক হাজার নাম যুক্ত হতে লাগল মাত্র দশ দিন।
গত এক দিনে আরও ২ হাজার ৯২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন হল।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৪ হাজার ৩০১ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
