এক দিনের মাথায় পেছনে পড়ে গেল আগের রেকর্ড; মহামারীর ষোল মাসে প্রথমবারের মত এক দিনে আড়াইশ ছাড়ানো মৃত্যু দেখতে হল বাংলাদেশকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৫২ হাজার নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৯২৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর আক্রান্তদের মধ্যে আরও ২৫৮ জনের প্রাণ গেছে এ ভাইরাসের কারণে।
আগের দিন সোমবার সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ নতুন রোগী শনাক্তের পাশাপাশি রেকর্ড ২৪৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন শনাক্ত রোগীর সংখ্যা সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা পৌঁছেছে দুঃখ জাগানো নতুন উচ্চতায়।
নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে। আর আক্রান্তদের মধ্যে মোট ১৯ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন আরও ১২ হাজার ৪৩৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।
