করোনাভাইরাস: শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু


FE Team | Published: April 10, 2021 16:37:33 | Updated: April 10, 2021 20:22:17


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডের বুধবার দুপুরের চিত্র। করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় হাসপাতালটির কোভিড ওয়ার্ডে কোনো শয্যাই খালি ছিল না সেদিন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে করোনাভাইরাসে একদিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ সর্বাধিক। তবে দিনে শনাক্ত রোগীর সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

আরও ৭৭ জনের মৃত্যুতে দেশে মোট ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬১ জন।

এর আগে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বৃহস্পতিবার। সেদিন ৭৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩ হাজার ৮৩৭ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪৯ শতাংশ।

Share if you like