Loading...
The Financial Express

করোনা শনাক্তের হার ফের ২ শতাংশ ছাড়াল

| Updated: December 25, 2021 14:38:15


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

দেশে এক দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে; কিন্তু নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার দুই মাসের বেশি সময় পর ফের ২ শতাংশ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশে।

এর আগে গত ১৬ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের নিচে নামে। মাঝে ১৯ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের বেশি হলেও ২০ অক্টোবর থেকে দৈনিক শনাক্তের হার দুই শতাংশের নিচেই ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে। শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মোট ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৯২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৯৫৬ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

বৃহস্পতিবার দেশে ৩৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ২ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই কমেছে গত এক দিনে।

দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৯১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৯টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।

সত্তরোর্ধ্ব যে নারী মারা গেছেন, তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বাকি সাত বিভাগে গত একদিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৩ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৭ কোটি ৮১ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic