কম্পিউটারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বর্তমানের প্রতিটি দিন। প্রয়োজনীয় কাজের বাইরেও নিছক বিনোদন আর মনোরঞ্জনের স্বার্থেও অনেকে ব্যবহার করছেন ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার। কম্পিউটারের কিবোর্ডেই একটা বড় সময় যায় ব্যবহারকারীদের। বিভিন্ন কি চেপে চেপে হাতের ওপর ধকলও কম যায় না। সেই ধকল থেকে মুক্তি দিতেই অনেক সময় প্রয়োজন পড়ে কম্পিউটারের বিভিন্ন কিবোর্ড শর্টকাটের।
কিন্তু অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীদের কিবোর্ড শর্টকাটের জ্ঞান আটকে যায় Ctrl+C ( কপি ), Ctrl+V ( পেস্ট ), Ctrl+Z ( আনডু ) এর গণ্ডিতেই। তাই, সবার কাছে পরিচিত না হলেও অত্যন্ত প্রয়োজনীয় বেশ কয়েকটি কিবোর্ড শর্টকাট তুলে ধরা হলো এখানে।
খুলে রাখা উইন্ডোগুলোতে সুইচ করা
অনেক সময়েই একটা উইন্ডোতে কাজ করতে গেলে অনবরত আরেকটা উইন্ডোতে যাওয়ার প্রয়োজন পড়ে। এর সহজ উদাহরণ হিসেবে বলা যায় হয়তো ব্রাউজারে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট ঘেঁটে তথ্য নিয়ে লিখতে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে ব্রাউজার এবং ওয়ার্ড প্রসেসর দুইটা আলাদা উইন্ডোতে। এই ক্রমাগত দুই উইন্ডোর মধ্যে যাওয়া আসার কাজটা মাউসে হাত না দিয়েই করে ফেলা যায় Alt + Tab ব্যবহার করে। আর ব্রাউজারের ট্যাবগুলোর মধ্যে ঘোরাফেরার কাজে ব্যবহার করা যায় Ctrl + Tab।
ছবি: খোলা থাকা সবগুলো উইন্ডোতে সুইচ করার জন্য Alt+Tab
উইন্ডোজের সার্চ বক্স
সার্চ বক্স খুঁজে বের করার জন্য উইন্ডোজ আইকনে ক্লিক করে লেখা বা সার্চের আইকন খুঁজতে যাওয়ার কাজটা অনেকেই করে থাকেন। ইন্সটল করা বিভিন্ন সফটওয়্যার, কনটাক্টস, কিংবা শুধুই ইন্টারনেট থেকে কিছু খুঁজে বের করতে এই সার্চ বক্সের জুড়ি নেই। কিন্তু, কিবোর্ডের সাহায্যে এটা করে ফেলা যায় আরো সহজে। ব্যবহার করা যেতে পারে শর্টকাট Win+S।

ছবি: উইন্ডোজের সার্চ বক্স
একনজরে সব উইন্ডো
কাজ করার সময় কয়টি উইন্ডো খোলা আছে, কয়টি আলাদা আলাদা ডেক্সটপ খোলা আছে - এর সবটাই জেনে যাওয়া সম্ভব টাক্স ভিউ থেকে। কিন্তু মাউস ব্যবহার করে টাস্ক ভিউ পর্যন্ত না গিয়েই এটি করা সম্ভব Win+Tab এর সাহায্যে।
ছবি: একনজরে সবগুলো উইন্ডো এবং ডেক্সটপ
স্ক্রিন ভাগ করা
স্ক্রিন ভাগ বা স্প্লিট করা মোবাইল ফোনে যতোটা পরিচিত, কম্পিউটার ব্যবহারকারীদের কাছে অতোটা পরিচিত না। সেক্ষেত্রে যদি একাধিক অ্যাপ্লিকেশন পাশাপাশি খোলা রাখা যায়, তাহলে কাজ করা সহজ হয় অনেকটাই। পছন্দের অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে Win + Right Arrow বা Win+Left Arrow চেপে স্ক্রিনের ডানে বা বামে অ্যাপ্লিকেশনটিকে পাঠিয়ে দেয়া যেতে পারে।

ছবি: স্ক্রিনের দুই অংশে দুই আলাদা অ্যাপ্লিকেশন
ডেক্সটপে ফিরে আসা
গেম খেলতে খেলতে বা ফুল স্ক্রিন কোনো অ্যাপ্লিকেশনে কাজ করার সময় অনেক ক্ষেত্রেই ডেক্সটপে ফিরে যাওয়ার প্রয়োজন পড়লে সবটা ক্লোজ করে তারপর আসতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, শুধুই Win+D শর্টকাট দিয়েই যেকোনো অ্যাপ্লিকেশন সরাসরি মিনিমাইজ করে ডেক্সটপে চলা আসা সম্ভব। আবার ডেক্সটপে কাজ শেষ করে Win+D চাপলে ফিরে যাওয়া যাবে আগের অ্যাপ্লিকেশনে।
স্ক্রিনশট
মোবাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখা বা পরবর্তীতে ব্যবহার করার কাজে আজকাল সবাই পটু। কিন্তু কম্পিউটারে স্ক্রিনশট নিতে গেলে অনেক রকম বিপত্তি দেখা যায়। স্ক্রিনশট কোনোভাবে নেয়া গেলেও সেটা সেভ করতে নাজেহাল হয়ে পড়েন অনেকেই। এই বিপত্তি থেকে বাঁচতে Win+Prt Sc (Print Screen) শর্টকাট কমান্ড ব্যবহার করলে ডেক্সটপে থাকা দৃশ্য স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে কম্পিউটারে।
লকস্ক্রিন
কাজ করতে করতে অনেক সময় উঠে যাওয়া লাগে। কিন্তু বারবার ওঠার সময় সব অ্যাপ্লিকেশন বন্ধ করে যেতে হলে ফিরে এসে আবার চালু করাও বিরক্তিকর। আবার কম্পিউটার খুলে রেখে যাওয়াও নিরাপদ হয়না সবসময়। এসব ঝঞ্জাট থেকে বাঁচতে স্ক্রিন লক করে ফেলা সহজ সমাধান। আর এটি করার জন্য কিবোর্ডের Win + L ই যথেষ্ট।
ছবি: উইন্ডোজের লক স্ক্রিন
সিরাজুল আরিফিন বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
sherajularifin@iut-dhaka.edu