Loading...

কমিউনিটি সেন্টার ‘ভেবে’ গ্রিল কেটে পিবিআই অফিসে চুরি

| Updated: June 23, 2021 13:33:35


কমিউনিটি সেন্টার ‘ভেবে’ গ্রিল কেটে পিবিআই অফিসে চুরি

কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ ‘ভেবে’ চট্টগ্রামে পিবিআই কার্যালয়ের দ্বিতীয় তলায় জানালার গ্রিল কেটে চুরি করার ২৩ দিন পর ধরা পড়েছে এক চোর।

মঙ্গলবার নগরীর ঈদগাঁও বৌ বাজার আমতল এলাকা থেকে নিজেদের কার্যালয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সদস্যরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। 

এসময় তার কাছ থেকে চুরি করা দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই এর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রযুক্তির সহায়তায় আমতল এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। 

এই যুবকের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। থাকেন বন্দরনগরীর বৌ বাজার আমতল এলাকায়। 

পুলিশের বিশেষ এই ইউনিটের কর্মকর্তারা জানান, গত ২৯ মে ভোরে নগরীর পাহাড়তলী বার কোয়ার্টার এলাকায় পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দ্বিতীয় তলার ২০২ নম্বর রুমের জানালার গ্রিল কেটে চোরের দল দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। 

সেখান থেকে আরও একটি ল্যাপটপ ও মনিটর নেওয়ার চেষ্টা করলেও সেগুলো টেবিল থেকে মেঝেতে পড়ে যাওয়ায় নিতে পারেনি চোরের দল। 

নিজেদের কার্যালয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এই চোরকে ধরে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পিবিআই। 

তখন শাহ আলম কর্মকর্তাদের জানিয়েছেন, কমিউনিটি সেন্টারের অফিস ভেবে মূলত সে গ্রিল কেটে চুরি করতে গিয়েছিল। 

আগে কমিউনিটি সেন্টার থাকলেও পরে সেখানে যে পিবিআই কার্যালয় হয়েছে, সেটি তার জানা ছিল না। 

“না জেনেই সেখানে চুরি করার ‘সাহস’ করেছিল।” 

পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের যে কক্ষটিতে চুরির ঘটনা ঘটে সেটিতে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাসহ বিভিন্ন আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ পাঁচ কর্মকর্তা অফিস করেন। 

এই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন সংস্থাটির এএসআই রাজীব বড়ুয়া। 

মামলায় উল্লেখ করা হয়, বাঁশের মাথায় শপিং ব্যাগ ও কাঠ লাগিয়ে মোবাইল ফোনসহ জিনিসপত্র চুরি করা হয়। চোরের দল যাওয়ার সময় সেটি নিচে ফেলে যায়। 

গ্রেপ্তার শাহ আলম নগরীতে রিকশা ও ভ্যান চালায়। মাঝে মাঝে বিভিন্ন হোটেলে থালাবাসন পরিস্কারের কাজ করত। আর ফাঁক পেলেই বিভিন্ন স্থানে লোহা চুরি করত। 

নগরীর পাহাড়তলীতে অবস্থিত বার কোয়ার্টার এলাকায় যেখানে বর্তমানে পিবিআই চট্টগ্রাম মেট্রোর কার্যালয় করা হয়েছে, সেখানে আগে ছিল কমিউনিটি সেন্টার। 

মাস কয়েক আগে খুলশী ১ নম্বর রোড থেকে পুলিশের এই ইউনিটের কার্যালয় এখানে স্থানান্তর করা হয়। 

Share if you like

Filter By Topic