কনক সরওয়ারের বোন ৫ দিনের রিমান্ডে


FE Team | Published: October 06, 2021 18:29:45 | Updated: October 07, 2021 10:36:10


গ্রেপ্তার নুসরাত শাহরিন রাকা।

যুক্তরাষ্ট্রে থাকা একুশে টিভির সাবেক সংবাদকর্মী কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন এবং ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ তাকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুনানি শেষে তাকে আদালত দুই মামলায় মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দীন খান হিরন।

এর আগে সোমবার ভোর রাতে রাজধানীর উত্তরায থেকে নুসরাত শাহরিন রাকাকে (৩৮) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। মঙ্গলবার তাকে পুলিশে তুলে দেওয়ার সময় মামলা দুটি করা হয়।

একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার তদন্তে ২০১৫ সালে কনক সরওয়ারকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। তার আগে তিনি একুশে টিভি থেকে বরখাস্ত হয়েছিলেন।

পরে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কনক। সেখানে তিনি ফেইসবুকে ও ইউটিউব চ্যানেল খুলে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত বলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ।

রাকার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, বিদেশে অবস্থানকারী একটি চক্র দেশে থাকা এজেন্টদের যোগসাজশে ভার্চুয়ালি রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে র‌্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা।

এর ধারাবাহিকতায় রাকাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মঙ্গলবার র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।

অভিযানের সময় রাকার কাছে মাদক আইস পাওয়ার কথা জানায় র‌্যাব।

তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্যপ্রবাসী।

Share if you like