Loading...

কঠোর বিধিনিষেধের মধ্যে পদ্মা পার হয়ে শিমুলিয়ায়

| Updated: July 23, 2021 18:03:00


প্রতিনিধিত্বশীল ছবি প্রতিনিধিত্বশীল ছবি

সারাদেশে চলা ‘কঠোরতম বিধিনিষেধের’ মধ্যেই শুক্রবার দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে এ ঘাট দিয়ে ফেরিতে করে অনেকে ঢাকা ফিরছেন; আবার রাজধানী ছেড়েছেন কেউ কেউ। ফেরিতে কিছু ছোট যানও রয়েছে। তবে ঈদের আগের মত চাপ নেই ঘাটে।

ঈদ উপলক্ষে নয়দিনের বিরতি শেষে শুক্রবার থেকে আবার বিধিনিষেধ জারি হয়েছে সারা দেশে; জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভাষায় যা হবে ‘কঠোরতম’। শুক্রবার ভোর ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এবারের লকডাউন চলবে।

এই লকডাউন নিশ্চিত করতে আগেরবারের মতই আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা।

ঈদের পর লকডাউনের এ ঘোষণা আগেই ছিল। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফেরার তাগিদে স্বাস্থ্যবিধি না মেনে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন অনেকে।

সফিকুল বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে এখন ১৯টির মধ্যে ১৪টি ফেরিতে জরুরি পরিসেবার গাড়ি পারাপার করানো হচ্ছে। পদ্মায় প্রবল স্রোত থাকায় সব ফেরি চলতে পারছে না।

এদিকে লকডাউনের কারণে গণপরিবহণ বন্ধ থাকায় শিমুলিয়ায় ঘাটে এসে লোকজনকে বিপাকে পড়ছে হচ্ছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছে গাড়ি পাওয়ার আশায়; আবার অনেকে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দিচ্ছেন।

Share if you like

Filter By Topic