ওয়াকিটকির মামলায় সু চির চার বছরের কারাদণ্ড


এফই অনলাইন ডেস্ক | Published: January 10, 2022 12:50:26 | Updated: January 10, 2022 17:39:46


রয়টার্স ফাইল ছবি

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

এই মামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর দিয়েছে।

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি সু চির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা হয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে নোবেলজয়ী এ নেত্রীর সর্বোচ্চ ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে এক মামলায় গত ডিসেম্বরে সু চির চার বছরের কারাদণ্ড হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।

Share if you like