সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বানের পানি সরলেও রানওয়ে পরিষ্কার আর নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষার জন্য উড়োজাহাজ ওঠানামা করতে লাগবে অন্তত আরও দুদিন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বিমানবন্দরের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা আবদুল গণি সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর থেকে পানি সরে গেছে। আশা করা যাচ্ছে. দুদিন পর থেকে আমরা এয়ারপোর্টের কার্যক্রম চালু করতে পারব।
এয়ারপোর্টের বিমান ওঠানামার জন্য যে সংকেত বাতিগুলোর প্রয়োজন হয়, সেগুলো এখন চেক করা হচ্ছে। পাশাপাশি রানওয়ের কাছে পানি উঠে যাওয়ায় সেখানেও পরিষ্কার ও পরীক্ষা করে দেখার বিষয় আছে। সব মিলিয়ে এই দুদিন সময় লাগতে পারে।
উড়োজাহাজ ওঠানামার জন্য বিমানবন্দরগুলোতে ভূগর্ভস্থ লাইন দিয়ে সাধারণ বাতি ও আলোকসংকেত বাতির ব্যবস্থা করা হয়। বন্যায় পানি ওঠায় এসব সংকেত সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেগুলো এখন দেখা হচ্ছে।
ভয়াবহ বানের মুখে গত শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এ বিমান বন্দর থেকে দিনে বেশ কয়েকটি ফ্লাইট ওঠানামা করে, এগুলোর রুট মূলত সিলেট থেকে ঢাকা ও লন্ডন।
ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে এসেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের তৃতীয় দফার বন্যায় সিলেটে বিমানবন্দরের পাশাপাশি রেলস্টেশনেও পানি ঢুকে পড়ে। বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়।