ওমিক্রন: যুক্তরাজ্যে মাস্ক পরিধান ফের বাধ্যতামূলক হচ্ছে


FE Team | Published: November 28, 2021 18:26:45 | Updated: November 29, 2021 12:52:11


-- ছবি: রয়টার্স

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় আগামী মঙ্গলবার থেকে ইংল্যান্ডের দোকানে এবং গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবেশ করা প্রত্যেকের জন্য পিসিআর পরীক্ষা শিগগিরই চালু করা হবে।এইসব পদক্ষেপ নেওয়া হলে আসন্ন ক্রিসমাস সবাই পরিবারের সঙ্গেই উদযাপন করতে পারবে বলে জানান জাভিদ।

স্কাই নিউজকে জাভিদ বলেন, মঙ্গলবার থেকে মুখে মাস্ক পরার নিয়ম চালু করা হবে। তবে নতুন নেওয়া সব পদক্ষেপ আবার কয়েক সপ্তাহের মধ্যেই তুলে নেওয়া হবে বলে আশা করছেন তিনি।

বিবিসির এন্ড্রু মার শো তে তিনি বলেন, আমাদের এইসব পদক্ষেপ নেওয়ার কারণ হল, এতদিন আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধরে রাখা, যাতে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবারের সঙ্গে আসন্ন ক্রিসমাস উদযাপন করতে পারি।

জাভিদ জানান, সরকার যখনই প্রয়োজন মনে করবে তখনই দ্রুত সঠিক ব্যবস্থা নেবে। তবে বাড়ি থেকে কাজ করার মতো নির্দেশনা এখন জারির প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না।

তবে চারটি দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য পিসিআই পরীক্ষা করার প্রয়োজনীয়তা আছে বলে জানানো হয়েছে সরকারি ওয়েবসাইটে। আর এই পরীক্ষার নিয়মও মঙ্গলবার থেকেই চালু করা হবে, বলেন জাভিদ।

Share if you like