Loading...
The Financial Express

ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট নয়, জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা

| Updated: December 12, 2021 14:14:45


ওমিক্রন ঠেকাতে প্রচলিত টিকার দুই ডোজ যথেষ্ট নয়, জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা

প্রচলিত টিকার দুই ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

তবে ২ ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দেশটিতে ওমিক্রন ও ডেল্টা ধরনে আক্রান্তদের তথ্য নিয়ে হওয়া প্রাথমিক পর্যালোচনাগুলোতেও দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ধরনটিকে থামাতে এখনকার টিকাগুলো কম কার্যকর বলে উঠে এসেছিল।

এদিকে যুক্তরাজ্যে আরও ৪৪৮ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশটিত মোট এক হাজার ২৬৫ জনের দেহে ধরনটি পাওয়া গেল। শুক্রবার দেশটিতে মোট কোভিড রোগী শনাক্ত হয়েছে ৫৮ হাজার ১৯৪ জন, ৯ জানুয়ারির পর এটাই সর্বোচ্চ।

পরিস্থিতি মোকাবেলায় ইংল্যান্ডের কেয়ার হোমগুলোর ক্ষেত্রে নির্দেশনায় বদল আসতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার। কেয়ার হোমগুলোতে বাসিন্দা প্রতি অতিথির সংখ্যা সীমিত করে আনা হবে, বাড়ানো হবে কোভিড শনাক্তে পরীক্ষার সংখ্যা।

নতুন ভ্যারিয়েন্টটি টিকার বিরুদ্ধে কতটা কার্যকর তা জানতে ওমিক্রন শনাক্ত হওয়া ৫৮১ জন এবং ডেল্টা শনাক্ত হওয়া কয়েক হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।

এ সংখ্যা তুলনামূলক কম হলেও তথ্য বিশ্লেষণে ওমিক্রনের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা অনেক কম এবং ফাইজারের দুই ডোজেও ‘উল্লেখ করার মতো কম’ বলে দেখা গেছে।

বুস্টার নেওয়ার পর কোভিড উপসর্গের বিরুদ্ধে ৭৫ শতাংশ সুরক্ষাও আগের ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে টিকার যে কার্যকারিতা দেখা গেছে, তার তুলনায় কম।

মডার্না ও জেনসেনের টিকা কতটা কার্যকর তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরিমাণ তথ্য ছিল না বিজ্ঞানীদের হাতে। তবে এই টিকাগুলোর ক্ষেত্রেও ফল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার মতোই হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

টিকা তুলনামূলক কম কার্যকর হলেও টিকাদানের গুরুত্ব এখনও অনেক বেশি বলেও বলছেন তারা।

বিদ্যমান টিকাগুলোতে এখনও যে মাত্রার সুরক্ষা পাওয়া যাবে, তা হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে অনুমান যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থারও।

Share if you like

Filter By Topic