এবার ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখের মতো পশু কোরবানি হয়েছে বলে হিসাব দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
কোরবানি হওয়া পশুর প্রায় অর্ধেকের বেশি ছাগল-ভেড়া, বাকি অর্ধেক গরু-মহিষসহ অন্যান্য পশু।
ঈদ শেষে শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত বছর কোরবানির ঈদে ৯৪ লাখ পশু বিক্রি হয়েছিল বলে জানিয়েছিলেন প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। সে হিসেবে করোনাভাইরাস মহামারিকালে এবার কোরবানি কম হয়েছে।
এবছর এক কোটি ১৯ লাখ কোরবানিযোগ্য পশু দেশে ছিল বলে ঈদের আগে জানানো হয়েছিল।
শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু কোরবানি হয়েছে।
পশুর মধ্যে ৪০ লাখ ৫৩ হাজার ৬৭৯টি গরু-মহিষ, ৫০ লাখ ৩৮ হাজার ৮৪৮টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৭১৫টি পশু ছিল।
