উপ মহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডে; তার মৃত্যুকে অমিতাভ বচ্চন বর্ণনা করেছেন ‘একটি যুগের অবসান’ হিসেবে।
মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান ৯৮ বছর বয়সী দিলীপ কুমার। এরপর ভারতের অভিনয়শিল্পী ও নির্মাতাদের টুইটার ও ফেইসবুক পেইজ ভরে ওঠে শোকবার্তায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
প্রায় ছয় দশকের ক্যারিয়ারে ‘আন্দাজ’, ‘আন’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘কারমা’, ‘সওদাগর’, ‘দেবদাস’ ও ‘মুঘল-এ-আজম’র মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা দিলীপ কুমার ভারতীয় চলচ্চিত্রে নিজেই এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।
সে কথা তুলে ধরে বলিউডের আরেক কিংবদন্তি অমিতাভ বচ্চন এক টুইটে লিখেছেন, “একজন প্রতিষ্ঠান চলে গেলেন। ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস লিখতে গেলে ‘দিলীপ কুমারের আগে’ ও ‘দিলীপ কুমারের পরে’ আলাদা অধ্যায় লিখতে হবে। তার আত্মার শান্তি কামনা করছি। আমি গভীরভাবে শোকাহত।”
১৯৮৩ সালে ‘শক্তি’ চলচ্চিত্রে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা দিলীপ কুমারের ছেলের ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন।
ব্যক্তিগত জীবনেও অভিনেতা দিলীপ কুমারের একজন একনিষ্ঠ ভক্ত তিনি। প্রিয় নয়কের প্রতি জন্মদিনেই তাকে শুভেচ্ছা জানাতেন।
দিলীপ কুমারকে ‘আইডল’ হিসেবে বর্ণনা করে ইনস্টাগ্রামে এক বার্তায় অমিতাভ লিখেছেন, “আমার আইডল দিলীপ সাবকে হারালাম। স্বর্ণযুগের পর্দা নামল। সেই যুগ আর কখনোই আসবে না।”
দিলীপ, অমিতাভের পরবর্তী সময়ের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন লিখেছেন, “মঞ্চে কিংবা মঞ্চের বাইর একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। সায়রা বানুর জন্য সমবেদনা রইল।”
অক্ষয় কুমার লিখেছেন, “বিশ্ববাসীর চোখে অনেকেই হিরো হতে পারেন। তবে আমাদের হিরো দিলীপ কুমার। তিনি ভারতীয় চলচ্চিত্রের একটা যুগকে সঙ্গে নিয়ে গেলেন।”
পশ্চিমবঙ্গের নির্মাতা গৌতম ঘোষ লিখেছেন, তার ইচ্ছে ছিল ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তিকে নিয়ে সিনেমা বানাবেন। কিন্তু তা আর হয়নি।
“আমি দিলীপ কুমারের পাগল ফ্যান। ‘জোয়ার ভাটা’ ছাড়া তার সব ছবি দেখেছি। ‘গঙ্গা যমুনা’ আট-নয় বার দেখেছি। ‘মধুমতী’ অনেকবার দেখেছি। পর্দায় তার উপস্থাপনাটাই অসাধারণ।”
দুয়েকবার দেখা হওয়ার স্মৃতি তুলে এনে গৌতম ঘোষ বলেন, “চমৎকার উর্দু বলতেন। খুব মিষ্টভাষী। তার সব ছবির সংলাপ মনে আছে। দিলীপ কুমারের ছবিগুলোকে আর্কাইভ করা উচিত। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগৎকে উনি আলোকিত করে রেখেছিলেন।“
দিলীপ কুমারের স্মৃতির উদ্দেশে এ কালের বলিউড অভিনেতা শহিদ কাপুর লিখেছেন, “প্রত্যেক অভিনেতাই বিস্ময় নিয়ে আপনার বিষয়ে পড়াশোনা করেছেন। আপনাকে নিয়ে জেনেছেন। আপনি চিরকাল বেঁচে থাকবেন স্যার।”
