এক মাসে রপ্তানি আয়ে আরেকটি রেকর্ড


FE Team | Published: January 02, 2022 19:53:50 | Updated: January 03, 2022 12:00:38


এক মাসে রপ্তানি আয়ে আরেকটি রেকর্ড

রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে গেল ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশের বেশি।

রোববার নতুন অর্থবছরের দ্বিতীয় দিন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এমন সুখবরই দিয়েছে। প্রবৃদ্ধিতে বড় উল্লম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে।

সদ্য সমাপ্ত বছরের সবশেষ মাস ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সবশেষ তিন মাসের চাঙ্গা রপ্তানি আয়ের ওপর ভর করে অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে রপ্তানিও বেড়েছে অনেক, মোট আয় হয়েছে দুই হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল এক হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য। সেই হিসাবে এ সময়ের সার্বিক প্রবৃদ্ধি ২৮ দশমিক ৪১ শতাংশ।


রোববার ইপিবি থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এ মাসে ৩৯১ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল।

ঠিক এক বছর আগের ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলারের পণ্য। এর মানে হচ্ছে গেল ডিসেম্বরের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ৪৫ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় ৪৮ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

কোভিডের জড়তা কাটিয়ে চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস থেকেই ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির পথে হাঁটছে দেশের রপ্তানি খাত। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেও অব্যাহত রয়েছে, যা সার্বিক রপ্তানিকে এগিয়ে দিয়েছে।

অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে ১১ দশমিক ১৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। অগাস্টের একক মাসে ১৪ দশমিক ০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এরপর থেকে বাড়তে থাকে রপ্তানি।




Share if you like