করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে টানা তৃতীয় দিনের মত ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৮০৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৫ জনের।
এর আগে মঙ্গলবার ১৬ হাজার ৬৬ জন রোগী শনাক্তের খবর এসেছিল, যা মহামারীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর বুধবার ১৫ হাজার ৫২৭ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময়, গত বছরের ২৮ জুলাই ১৬ হাজার ২৩০ জনের সংক্রমণ ধরা পড়েছিল, মহামারীর মধ্যে সেটাই সর্বোচ্চ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন এক হাজার ৩৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন সুস্থ হয়ে উঠলেন।