Loading...
The Financial Express

এক দিনে করোনা শনাক্ত ২২৩১, রোগী বাড়ল ৫০ শতাংশ

| Updated: January 11, 2022 11:13:49


এক দিনে করোনা শনাক্ত ২২৩১, রোগী বাড়ল ৫০ শতাংশ

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ বেড়ে ২২ শ ছাড়িয়ে গেছে, সেই সঙ্গে দৈনিক শনাক্তের হার ছাড়িয়ে গেছে সাড়ে ৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২৩১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত বছরের ১০ সেপ্টেম্বর একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল, সেদিন ২ হাজার ৩২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। আর দুই হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৪ সেপ্টেম্বর।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ১০৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

গত এক দিনে দেশে মোট ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ৭৮ শতাংশ ছিল।

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল। সেদিন প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৮ দশমিক ৬৫ জনের কোভিড পজিটিভ এসেছিল।

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় গতবছর জুলাই-অগাস্ট সময়ে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশও ছাড়িয়ে গিয়েছিল। এরপর তা নামতে নামতে জুলাই মাসে ২ শতাংশের নিচে চলে আসে।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রনের ত্রাস। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২০৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৬ হাজার ৭১৩ জন, যা আগের দিন ১৪ হাজার ৬৯৩ জন ছিল।

গত এক সপ্তাহে দেশে মোট ৭ হাজার ২৩৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ২১৩ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১২৫ দশমিক ১ শতাংশ।

আর গত সাত দিনে মারা গেছেন আরও ২৫ জন, আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১৭ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ৪৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এই ২৫ জনের মধ্যে ১৪ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। তাদের ৮০ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ৮০ শতাংশ ডায়াবেটিসে ভুগছিলেন।

Share if you like

Filter By Topic