Loading...

এএইচএফ কাপ হকির মুকুট ধরে রাখল বাংলাদেশ

| Updated: March 21, 2022 14:58:38


এএইচএফ কাপ হকির মুকুট ধরে রাখল বাংলাদেশ

শুরুতে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফিরল ওমান। পরের দুই কোয়ার্টারে কেউ গোল না পাওয়ায় ম্যাচের ভাগ্য গড়াল শুট আউটে। সেখানে জিতে এএইচএফ কাপ হকির মুকুট ধরে রাখল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে রোববার ফাইনালে শুট আউটে ৫-৪ গোলে জিতেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

টানা চার আসরে শিরোপা জিতল বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে সতীর্থের লম্বা পাস ধরে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে সমতায় ফিরে ওমান।

পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার হানা দিয়েও বাংলাদেশ গোল করতে ব্যর্থ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে।

চার সতীর্থ গোল করার পর পঞ্চম শট নিতে এসে বাইরে মারেন ওমানের বেইত মাহমুদ বেইত। ফরহাদ আহমেদ শিটুল, সবুজ, রোমান সরকার ও নাইম শেখের গোলে সেসময় ছিল সমতা। পুস্কর ক্ষীসা মিমো শেষ শটে লক্ষ্যভেদ করলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল তারা। আর সেমি-ফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

আগের তিন শিরোপা জয়ের দুটিতে ফাইনালে ওমানকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল দল। ২০০৮ সালে সিঙ্গাপুরের প্রতিযোগিতায় ৬-১ এবং চার বছর পর থাইল্যান্ডের আসরে ৬-৩ গোলে জিতেছিল বাংলাদেশ।

Share if you like

Filter By Topic