উষ্ণতার অনুভূতি নিয়ে গবেষণা করে চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক


FE Team | Published: October 04, 2021 17:17:29 | Updated: October 04, 2021 19:59:56


ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেন

মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, তার গবেষকরা পেলেন এবারের চিকিৎসায় নোবেল পুরস্কার।

যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার নোবেল কমিটি আনুষ্ঠানিক ঘোষণায় তাদের নির্বাচিত করার কথা জানায়।

সূর্যের ঊষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে তার গবেষণায় এই গবেষকরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।

মানবদেহের যে নার্ভ সেন্সরের কারণে আমাদের ত্বক তাপ অনুভব করতে পারে সেই সেন্সরকে শনাক্ত করতে অবদান রেখেছেন জুলিয়াস।

আর প্যাটাপুটেন মানবদেহের কোষে আলাদা চাপ-সংবেদনশীল সেন্সর খুঁজে পেয়েছেন। এই সেন্সরের কারণে দেহ কোনও উদ্দীপনায় সাড়া দিতে পারে।

তাদের আবিস্কারকে কাজে লাগিয়ে ক্রনিক ব্যথাসহ আরও নানা ধরনের রোগের চিকিৎসা পদ্ধতি বের করার চেষ্টা চলছে।

তাছাড়া, তাদের কাজের ওপর ভিত্তি করে আরও অনেক তাপ-সেন্সরও আবিস্কার করা হচ্ছে। জুলিয়াস এবং প্যাটাপুটেন ঠান্ডা শনাক্ত করার সেন্সরও খুঁজে পেয়েছেন।

ডেভিড জুলিয়াস সান ফ্রান্সিসকোয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। আর অডার্ম প্যাটাপুটেন কাজ করেন আমেরিকান স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটে।

Share if you like