উপহার পেতে কার না ভালো লাগে? উপহারের মধ্যে থাকে অন্যরকম আন্তরিকতা। প্রিয়জনকে কী উপহার দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন বৈকি; এমনকি তাঁদের ভালোভাবে চেনাজানা সত্ত্বেও।
বিয়ে কিংবা যেকোনো বড় পারিবারিক উৎসবে, আমাদের মা-খালারা ডিনারসেট, ওভেন, ব্লেন্ডার উপহার হিসেবে দিতেন। এমনকি বান্ধবীর জন্মদিনের উপহার হিসেবে সবসময়ই থাকতো শো পিস, কলম কিংবা ওয়ালম্যাট।
সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহার সম্পর্কটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তবে পুরুষ বা নারী ভেদে কাকে কী উপহার দিতে হবে, এ নিয়ে আমরা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগি।
চলুন দেখে নেই প্রিয়জনকে উপহার দেয়ার সহজ কিছু সমাধান।
স্মার্ট ওয়াচ
দৈনন্দিন জীবনে ঘড়ির প্রয়োজনীয়তা বলাই বাহুল্য। কিন্তু সে ঘড়িতে যদি আপনি আপনার মোবাইল ফোনের কাজও কিছুটা সারতে পারেন, তাহলে কি সোনায় সোহাগা হবেনা?
স্মার্ট ওয়াচ শুধু দেখতেই ফ্যাশনেবল নয়, বরং এর নানাবিধ ব্যবহারও রয়েছে। প্রিয়জন যদি স্বাস্থ্য-সচেতন হয়, তাহলে উপহার হিসেবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড। সারাদিনে কত ক্যালোরি পোড়ালেন তা জেনে নেওয়ার জন্য এটি হলো আদর্শ একটি যন্ত্র।
গিফট কার্ড
উপহার হিসেবে গিফট কার্ডের জুড়ি নেই। গিফট কার্ড সাধারণত টাকার পরিবর্তে দেয়া হয় যেন উপহারগ্রহীতা নিজের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী জিনিস কিনে নিতে পারেন।
উপহার যেমন মোড়ক বা র্যাপিং কাগজে মুড়িয়ে দিতে হয় যা বেশ সময়সাপেক্ষ, সেখানে গিফট কার্ডকে একটি সুন্দর খামে করে সহজেই দেওয়া যায়। বর্তমানে বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড ও দোকান তাদের ব্র্যান্ডের গিফট কার্ড বিক্রয় করে থাকে।
ব্লুটুথ হেডফোন বা ইয়ারবাডস
কখনো কথায় কথায় এক ফাঁকে জেনে নিন প্রিয়জনের পছন্দের কণ্ঠশিল্পী অথবা ব্যান্ডের নাম। উৎসবে মিউজিক গিফট কার্ড বা ব্লুটুথ ইয়ারবাড উপহার দিয়ে চমকে দিন তাকে অথবা বাজাতে জানলে তাকে গিটার, মাউথ অর্গান, ক্যাহন অথবা একজোড়া ভালো ইয়ারবাড উপহার হিসেবে দিলে মন্দ হয়না।
সেন্টেড অ্যারোমা ক্যান্ডেল
সারাদিন কাজের ধকল শেষ করে মানুষ বাসায় হালকা একটু শান্তির খোজে আসে। সারাদিনের ক্লান্তি নিমিষেই উধাও করতে বর্তমানে বাজারে বিভিন্ন সুগন্ধি মোমবাতি পাওয়া যায়, যা আমাদের এগুলোর মিষ্টি সুগন্ধের মাধ্যমে ঘুমের পরশ বুলোতেও সাহায্য করে। চাকরিজীবি বা সদ্য মায়েদের জন্য ক্যান্ডেলগুলো ‘বডি রিল্যাক্সেশনে’ বা আরামের জন্য ভীষণ কাজে দিতে পারে। উপহার হিসেবে একটু বিচিত্র হলেও এর জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে তরুণদের মাঝে।
হাতে তৈরি উপহার
নিজ হাতে তৈরি করা উপহারে ভালোবাসার আমেজটা সব সময়ই যেন একটু বেশি পাওয়া যায়।
হাতে তৈরি উপহারে যেন প্রিয়জনের হাতের স্পর্শ মাখা থাকে, তা হয় অন্য যেকোনো উপহারের থেকে বেশি আন্তরিক। তাই নিজের সৃজনশীলতা এবার কাজে লাগানো যাক। কারট্রিজ কাগজ, স্প্রে পেইন্ট, হার্ড বোর্ড রঙিন কাগজ বিভিন্ন রং এবং ফিতার ব্যবহার কিংবা কাপড় দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন ছোট বাক্স, স্ক্র্যাপ বুক, ফটো অ্যালবাম অথবা রেসিন বা কাঠ দিয়ে ফোনকেস, মালা, কানের দুল, আংটি বা কি চেইন ইত্যাদি।
একটি কাঁচের স্বচ্ছ জারে ফেইরি লাইট বা মরিচাবাতি রেখে তার মুখ বন্ধ করে দিন। রঙিন আলোকচ্ছটায় প্রিয়জনের উচ্ছসিত আনন্দ দেখার মতো! কাঁচের বয়াম সুন্দর করে ডিজাইন করে ভেতরে চকলেট অথবা অন্যান্য উপহারসহ প্রিয়জনকে চমকে দিন।
ভাবতেই পারেন এইসব কমদামি গিফট আইডিয়া এখানের লিস্টে করছেটা কি? কেনা উপহারের চাইতে ব্যতিক্রমী ও নান্দনিক হবে আপনার তৈরিকৃত উপহার, এটা নিশ্চিত! সবটুকু ভালোবাসা উজাড় করে অতি যত্নে হাতে বানানো উপহারটি আপনার প্রিয় মানুষকে মুগ্ধ করবেই।
শখ
প্রিয়জনের শখের প্রতি গুরুত্ব দিয়ে তাকে তার শখ চর্চার জন্যও কিছু একটা উপহার দিতে পারেন। যেমন- বাগান করতে পছন্দ করলে তাকে এই সম্পর্কিত বই অথবা দুর্লভ গাছের চারা ইত্যাদি উপহার দিতে পারেন। বই পড়তে পছন্দ করলে প্রিয় লেখকের বইও দিতে পারেন।
অনেকেই কবিতা পড়তে ও আবৃত্তি করতে ভালবাসেন। পুরনো অ্যান্টিক সামগ্রী হলেও উপহার হিসেবে সেটিও কিন্তু অমূল্য! বলা হয়ে থাকে, উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই, হোক তা যে কারও জন্যই! সঙ্গী যদি হন বইপ্রেমী, তাহলে তো কথাই নেই।
সব কথার এক কথা, উপহার প্রদানের ক্ষেত্রে অবশ্যই যাকে উপহার দিচ্ছেন তার পছন্দ-অপছন্দ আর প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দিন।
রোমানা রহমান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত।
meghrahman1234@gmail.com
