ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে যায়। রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, “নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন- এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।”
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।
