Loading...

উত্তরায় বস্তিঘরে আগুন, নিহত ৩

| Updated: January 04, 2022 17:34:41


উত্তরায় বস্তিঘরে আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার চণ্ডালভোগের মানিক বস্তিতে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতরা হলেন- জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। সবাই দিনাজপুরের বাসিন্দা।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, তাদের কাছে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাহাঙ্গীর ও রুমা সহোদর ভাইবোন। তারা স্থানীয় পোশাক কারখানার কর্মী। আফরিন তাদের খালাতো বোন। সে তুরাগ এলাকার এক মাদ্রাসার পড়ত।

“সে পাশেই এক বাসায় তার পরিবারের সঙ্গে থাকতো। খালাতো ভাইবোনের বাসায় সে বেড়াতে এসেছিল।”

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা খালেদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে তার আগুনের খবর পান। উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে যায়। পৌনে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

“দুই কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share if you like

Filter By Topic