উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর


FE Team | Published: May 13, 2022 16:41:04 | Updated: May 13, 2022 20:09:31


উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিয়েছে উত্তর কোরিয়া। মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, আরো হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভুগছে।

খবরে বলা হয়েছে, জ্বরে আক্রান্ত ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।

দেশটিতে এক লক্ষ সাতাশি হাজার মানুষ জ্বরে ভুগছে, যাদের আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

যদিও উত্তর কোরিয়া এই প্রথমবারের মতো করোনা ভাইরাসে মৃত্যুর খবর দিল। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন সেখানে আগে থেকেই করোনা ভাইরাস সংক্রমণের অস্তিত্ব ছিল।

রাজধানী পিয়ংইয়ং-এ অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং সেখানে লকডাউন জারি করা হয়েছে। তবে কত মানুষ আক্রান্ত হয়েছে - সে পরিসংখ্যান দেয়া হয়নি।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানাচ্ছে, রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলছে, "এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে এক ধরণের অজানা জ্বরের বিস্ফোরণ ঘটেছে।"

প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। তবে এদের মধ্যে কতজন করোনা ভাইরাস পজিটিভ- সেটি জানানো হয়নি।খবর বিবিসি বাংলার।

Share if you like