Loading...

উচ্চিংড়ের দখলে বাইডেনের প্রেস প্লেন, পোকাই জিতল

| Updated: June 09, 2021 19:37:24


উচ্চিংড়ের দখলে বাইডেনের প্রেস প্লেন, পোকাই জিতল

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন তার প্রথম বিদেশ সফরে যাবেন ইউরোপে; সেই খবর সংগ্রহ করতে ওয়েশিংটন থেকে ভাড়া করা উড়োজাহাজ নিয়ে উড়াল দিতে প্রস্তুত একদল সাংবাদিক। কিন্তু পথ আটকালো একপাল পোকা।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, রানওয়েতে ওই উড়োজাহাজের ইঞ্জিন দখল করে নিয়েছিল উচ্চিংড়ে বা ঘুরঘুরে পোকা। ফলে ওই বিমান আর ওড়ানো যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

পাঁচ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর আরেকজন পাইলট এবং আরেকটি উড়োজাহাজ এসে উদ্ধার করলেন সেই সাংবাদিকদের। বুধবার প্রথম প্রহরে রাত ২টা ১৫ মিনিটে তারা রওনা হন ইউরোপের পথে, যাদের যাত্রার নির্ধারিত সময় ছিল মঙ্গলবার রাত ৯টা।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, উড়োজাহাজ পোকার দখলে চলে যাওয়ার খবর হোয়াইট হাউসকে জানানো হলে ডলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন একটি উড়োজাহাজ পাঠানো হয়।

হোয়াইট হাউসের কর্মকর্তারা হোটেলে জড়ো হওয়া সাংবাদিকদের আশ্বস্ত করেন, পোকার মেঘ পেরিয়ে নিরাপদেই তারা গন্তব্যে পৌঁছবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এ পোকার উপদ্রব বেড়ে গেছে। কোটি কোটি উড়ন্ত পোকার কারণে আবহাওয়ার রেডারেও আকাশে ধরা পড়ছেপোকার মেঘ’।

ন্যাশনাল পার্ক সার্ভিসের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রতি ১৭ বছর পরপর ওয়াশিংটনে উচ্চিংড়ের সংখ্যা বিপজ্জনক হারে বেড়ে যেতে দেখা যায়।

টিভি সাংবাদিকদের ঘাড়ে, গাড়ির উইন্ডশিল্ডে কিংবা রাস্তায় বের হওয়া মানুষের চুলের মধ্যেও ঝুলে থাকতে দেখা যায় এই  পোকা।

উড়োজাহাজ পোকার দখলে চলে যাওয়ার খবরে টুইটারে অনেকেই অপেক্ষায় থাকা সাংবাদিকদের বিলম্বের জন্য সমবেদনা জানিয়েছেন। অনেকে আবার ছুড়ে দিয়েছেন বিদ্রুপ।

একজন লিখেছেন, “পোকাগুলোকে কি ছিনতাইকারী ভাবা হচ্ছে? এফবিআই কি উড়োজাহাজটি ছেড়ে দেওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনায় বসেছে?”

আরেকজন টুইটে জানতে চান: “উচ্চিংড়েদের দাবি কী?”

কারও কারও মন্তব্যে আবার এটা স্পষ্ট যে তারা হোয়াইট হাউসের সাংবাদিকদের এই বিড়ম্বনায় মোটেওঅসন্তুষ্ট নন’।

একজন টুইটে লিখেছেন, “আমি দেশপ্রেমিক ঘুরঘুরে পোকাগুলোর এই দারুণ কাজের প্রশংসা করছি।”

প্রখর গ্রীষ্ম এই পোকাদের বংশ বিস্তারের উপযুক্ত সময়। এরা পাখায় ঘর্ষণের মাধ্যমে জোড়ালো শব্দ তৈরি করতে পারে। যে কারণে ঝিঁঝিঁ পোকার সঙ্গেও এর খানিকটা মিল পাওয়া যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে ঘুরঘুরে পোকাদের এবারের বিস্তার থিতিয়ে আসবে। ১৭ বছর পর ২০৩৮ সালে আবারও এসব পোকার প্রজনন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

Share if you like

Filter By Topic