Loading...

ঈদযাত্রায় বাসের আগাম টিকেট বিক্রি শুরু ২৪ জুন

| Updated: June 21, 2022 20:57:26


প্রতীকী/ ফা্ইল ফটো প্রতীকী/ ফা্ইল ফটো

ঈদযাত্রায় আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে। ওইদিন ৬ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা রয়েছে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে।

“টিকেট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকেট কিনতে পারবেন যাত্রীরা।”

রাকেশ ঘোষ জানান, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকেট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।

“আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Share if you like

Filter By Topic