ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের রুপা


FE Team | Published: February 12, 2022 17:15:30 | Updated: February 13, 2022 11:35:50


ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের রুপা

১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগের বাছাই হলো দুই ধাপে। দুবারই সিঙ্গাপুরকে পেছনে ফেলল বাংলাদেশ। কিন্তু সোনা জয়ের লড়াইয়ে শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও মোহাম্মদ আলিরা পারলেন না নিজেদের মেলে ধরতে। বাংলাদেশের মুঠো গলে বেরিয়ে গেল সোনার পদক।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার সোনার পদক নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১৬-১৪ ব্যবধানে হারে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে থাইল্যান্ড।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দলগত বিভাগে বাছাইয়ের প্রথম ধাপে বাংলাদেশ ৯৩০ স্কোর গড়ে শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুর করে ৯২৯.৭ স্কোর।

দ্বিতীয় ধাপেও আধিপত্য ধরে রাখে শোভন-রাব্বী-আলিকে নিয়ে গড়া দল। ৬২২.৮ স্কোর তুলে দ্বিতীয় স্থানে রাখে সিঙ্গাপুরকে (৬২১)। কিন্তু সেরা হওয়ার লড়াইয়ে বাজিমাত করে সিঙ্গাপুরই।


শোভন ও রাব্বী অবশ্য ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টের হতাশা কাটানোর উপলক্ষ পেলেন। ব্যক্তিগত পর্যায়ে দুজনেই সেমি-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন।

শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগেও পদক পেয়েছে বাংলাদেশ। নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া দলটি জিতেছে ব্রোঞ্জ।

ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় এই প্রথম রুপা পেল বাংলাদেশও। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে নাফিসা তাবাস্সুম ও মোহাম্মদ আলি ব্রোঞ্জ জিতেছিলেন।

আসরে বাংলাদেশ প্রথম পদক পায় নাফিসার হাত ধরে। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেন তিনি।

Share if you like