ইএফটি কাজ করছে, চেকও ক্লিয়ার হচ্ছে


FE Team | Published: April 18, 2021 16:18:37 | Updated: April 18, 2021 19:37:02


ইএফটি কাজ করছে, চেকও ক্লিয়ার হচ্ছে

বাংলাদেশ ব্যাংকের আইটি সমস্যার সমাধান হওয়ায় চেক ক্লিয়ারিং করতে পারছে ব্যাংকগুলো। একই সঙ্গে ইলেকট্রনিক মাধ্যমেও লেনদেন করা যাচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ এপ্রিলের পর থেকে ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন করতে সমস্যা হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের আইটিতে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এই সমস্যা আজকে সমাধান হয়ে গেছে। আইটি বিভাগ আমাকে জানিয়েছে এখন ব্যাংকগুলো সব সেবা ব্যবহার করতে পারবে।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার সামাল দিতে সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।

তবে চেক ক্লিয়ারিং ও ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তরের সেবা বন্ধ থাকায় গত কয়েকদিন গ্রাহকদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।

বিশেষ করে যারা অনলাইনে তহবিল স্থান্তান্তর সেবা বেশি ব্যবহার করতেন তারা মঙ্গলবারের পর থেকে তা পারছিলেন না।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হলো একটি তহবিল স্থানান্তর ব্যবস্থা, যেটির মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক সময়ে তহবিল স্থানান্তর করা যায়।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহক ইলেকট্রনিক উপায়ে অর্থাৎ অনলাইন মাধ্যমে নিজের একাউন্ট থেকে অন্য একাউন্টে কিংবা অন্য ব্যাংকের গ্রাহকের একাউন্টে বা কার্ডে টাকা লেনদেন করতে পারেন।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস হচ্ছিল। পরে বিইএফটিএন চালু করে বাংলাদেশ ব্যাংক। এখন সব ঠিক মত করা যাচ্ছে।

ব্যাংকগুলো ১৩ এপ্রিল থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন সেবা দিতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক বলছে, ফাইবার অপটিক সমস্যার কারণে সার্ভারে যুক্ত হওয়া সম্ভব না হওয়ায় এসব সেবা বন্ধ ছিল।

Share if you like